সিলেট: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজ ও ডেন্টাল অনুষদের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো তিনি অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মতবিনিময়ে অংশ নেন।
সভায় উপাচার্য উপস্থিত সকল অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। একইসঙ্গে মেডিকেল শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন মেডিকেল কলেজ ও ডেন্টাল অনুষদের অধ্যক্ষরা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পরীক্ষা, ফলাফল প্রকাশ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যমান নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
এ সময় হবিগঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডা. জাবেদ জিল্লুল বারী কলেজটির শিক্ষার মানোন্নয়ন, ক্যাম্পাস উন্নয়ন এবং ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষকের চাহিদা পূরণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, হবিগঞ্জ মেডিক্যাল কলেজ পূর্ণাঙ্গভাবে চালু হলে একদিকে যেমন রোগীদের চিকিৎসাসেবার মান উন্নত হবে, অন্যদিকে শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী সকলের মতামত মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং মেডিকেল শিক্ষার সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।