৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর
ঢাকা, নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত এক সামরিক অভ্যুত্থানচেষ্টার সময় তৎকালীন রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যাদের মধ্যে মেজর (অব.) মোজাফফর হোসেন ছিলেন অন্যতম।
মামলার তদন্ত নথি ও বিভিন্ন ঐতিহাসিক বিবরণে তার সম্পৃক্ততার কথা উল্লেখ রয়েছে। হত্যাকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সংশ্লিষ্ট অনেককে গ্রেপ্তার করা হলেও মেজর (অব.) মোজাফফর দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে ছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আত্মগোপনের সময় তিনি বিভিন্ন পরিচয়ে দেশের ভেতরে ও বাইরে অবস্থান করেছেন। দীর্ঘ সময় ভারতে অবস্থানের তথ্যও তদন্তে উঠে এসেছে। পরে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন বলেও জানা যায়।
অবশেষে চার দশকেরও বেশি সময় পর তার গ্রেপ্তার দেশের বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত-সংশ্লিষ্ট প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচলিত আইন ও সামরিক বিধান অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পলাতক থাকার পর এ মামলার অন্যতম আলোচিত আসামির গ্রেপ্তার রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড-সংক্রান্ত ঘটনাপ্রবাহের অনেক অজানা দিক উন্মোচনে সহায়ক হতে পারে।
