স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় একটি বসতঘরের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, কাপড়চোপড় ও ফার্নিচারসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক মোছাঃ সাবিকুননেছা (৫০)।
এ ঘটনায় তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সাবিকুননেছা তার ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে বসতঘরে তালা লাগিয়ে বাবার বাড়িতে যান। পরদিনও তিনি সেখানে অবস্থান করেন। এরপর ১৫ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে তার ভাসুর মো. আব্দুল লতিফ মোবাইল ফোনে জানান, ঘরের পেছনের জানালার গ্রিল ভাঙা এবং ঘরে চুরি হয়েছে।
খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে দেখেন, ঘরের পেছনের জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চোরেরা ভেতরে প্রবেশ করেছে। পরে ঘরে থাকা বিভিন্ন মালামাল তল্লাশি করে চুরির বিষয়টি নিশ্চিত হন।
অভিযোগে বলা হয়, চোরেরা ঘর থেকে আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং নতুন ও ভালো মানের পরিধেয় কাপড়-চোপড় ও ফার্নিচারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
এ ঘটনায় চুরি যাওয়া মালামাল ও টাকা উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ সদর মডেল থানায় আবেদন করা হয়েছে।
