হবিগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখা এবং আর্থিক সংকটের কারণে পড়াশোনায় বাধা সৃষ্টি হওয়া রোধে মানবিক উদ্যোগ নিয়েছে হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদল। সংগঠনটির উদ্যোগে ধাপে ধাপে শতাধিক শিক্ষার্থীর ভর্তি ও বিভিন্ন বর্ষের পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নের পাশাপাশি দলীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন ইমনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ছাত্ররাজনীতির অন্যতম দায়িত্ব। ছাত্ররাজনীতি শুধু মিছিল-মিটিং কিংবা পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবভিত্তিক কাজের মাধ্যমেই এর ইতিবাচক ভূমিকা তুলে ধরতে হবে।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনার গুরুত্বপূর্ণ শক্তি। তাই নিয়মিত ক্লাসে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা, জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করতে হবে। মেধাবী ও যোগ্য প্রজন্ম গড়ে উঠলে তারাই ভবিষ্যতে দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা চিহ্নিত করা, অসচ্ছলদের সহযোগিতা এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার মাধ্যমে একটি ইতিবাচক ও দায়িত্বশীল ছাত্ররাজনীতির চর্চা এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
শিক্ষার্থীদের এ সহযোগিতা কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।
