মালয়েশিয়ায় পৌঁছেই প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফরে পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২১ জুন ২০২৬) মালয়েশিয়ার স্থানীয় সময় রাত পৌনে ১১টায় Shangri-La Kuala Lumpur-এ এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
সভায় তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের চলমান উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং জাতীয় অগ্রযাত্রা নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলী এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে একই দিন স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুর পৌঁছান। সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।