হবিগঞ্জ প্রতিনিধি:
‘ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে দল ও তারেক জিয়ার পক্ষে’ হবিগঞ্জে বিএনপির একটি সমাবেশে নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বক্তব্য শুরুর আগেই জাতীয় সংসদের হুইপ জি কে গউছ ও জেলা পরিষদের প্রশাসক আহমদ আলী মুকিবের অনুসারীরা নিজ নিজ নেতার নামে স্লোগান শুরু করলে মুহূর্তেই সমাবেশস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলে বিএনপির নেতাকর্মীরা স্লোগান বন্ধের চেষ্টা করেন। তবে তাতেও পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়ায় শেষ পর্যন্ত মাইক হাতে নেন বাণিজ্যমন্ত্রী। একাধিকবার স্লোগান বন্ধের আহ্বান জানিয়ে একপর্যায়ে তিনি বলেন, “সবাই থামেন, কোনো ভাই-ব্রাদারের পক্ষে স্লোগান হবে না। স্লোগান হবে জাতীয়তাবাদী দলের পক্ষে, খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তারেক জিয়ার পক্ষে।”
মন্ত্রীর বক্তব্যে ব্যক্তিকেন্দ্রিক স্লোগান বন্ধ করে দলীয় স্লোগানে ফিরে আসার আহ্বান স্পষ্টভাবে উঠে আসে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নেতাকেন্দ্রিক বিভাজন ও পাল্টাপাল্টি অবস্থানের পরিবর্তে দলীয় শৃঙ্খলা এবং ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় দলের সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন,যারা দলের সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলা মেনে চলেনি, তাদের অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন যারা একই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয়ে দলের সুনাম ও শৃঙ্খলা নষ্ট করে দলকে কলঙ্কিত করতে চাইছেন, তাদের বিরুদ্ধেও দল কঠিন সিদ্ধান্ত নেবে।
বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সমাবেশে ব্যক্তিকেন্দ্রিক স্লোগান বন্ধ করে দলীয় স্লোগানে ফিরে আসার আহ্বান জানানো হয়। এতে কিছুটা শান্ত হয় পরিস্থিতি।
এর আগে জি কে গউছ ও আহমদ আলী মুকিবের অনুসারীদের পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে সমাবেশস্থলে যে উত্তেজনা তৈরি হয়, তা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মন্ত্রীর কঠোর বক্তব্যে স্থানীয় বিএনপিতে দলীয় শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সাংগঠনিক কাঠামো মেনে চলার বিষয়টি আবারও সামনে আসে।
