নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (UN General Assembly) সভাপতির কার্যালয়ে Legal Officer (আইন কর্মকর্তা)হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার জাইমা রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত টিম তালিকায় তাঁর নাম ও পদবি উল্লেখ করা হয়েছে। সেখানে তাঁকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে Ms. Zaima Rahman — Legal Officer” হিসেবে দেখানো হয়েছে।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত জীবনী অনুযায়ী, জাইমা রহমান একজন ব্যারিস্টার এবং আইন ও নীতি (legal and policy) পেশাজীবী। তাঁর যুক্তরাজ্য ও বাংলাদেশে পেশাগত অভিজ্ঞতা রয়েছে।
জাইমা রহমান যুক্তরাজ্যে আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি Queen Mary University of London থেকে আইন ও রাজনীতি বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন এবং পরবর্তীতে ব্যারিস্টার হিসেবে পেশাগত যোগ্যতা অর্জন করেন। তাঁর পেশাগত জীবনে যুক্তরাজ্যে আদালতকেন্দ্রিক কাজ, আইনি গবেষণা ও অ্যাডভোকেসির অভিজ্ঞতা রয়েছে।
২০২৬ সালে বাংলাদেশেও আইন পেশায় কাজ করার প্রক্রিয়া এগিয়ে নিতে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপের (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই পরীক্ষায় ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ২০১ জন উত্তীর্ণ হন।
জাইমা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনি।
এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকায় একটি নীতিবিষয়ক সংলাপে অংশ নিয়ে জাইমা রহমান নারীর অধিকার, নিরাপত্তা, সমতা ও জাতীয় উন্নয়ন নিয়ে বক্তব্য দেন। সেটি ছিল বাংলাদেশে তাঁর প্রথম নীতিবিষয়ক বক্তব্য হিসেবে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব পাওয়া তাঁর আন্তর্জাতিক পেশাগত জীবনে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
