আরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক:
সেতু বিভাগের সচিব হিসেবে মোহাম্মদ আবদুর রউফের দায়িত্ব পালনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত রাখার শর্তে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী মোহাম্মদ আবদুর রউফকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ে তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত থাকবে।
এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে তিনি অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কও রাখা যাবে না।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এর আগে, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান মোহাম্মদ আবদুর রউফ। পরদিন ২৬ ফেব্রুয়ারি তিনি সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন এই নিয়োগের ফলে সেতু বিভাগের সচিব হিসেবে মোহাম্মদ আবদুর রউফের দায়িত্ব পালনের ধারাবাহিকতা আরও এক বছর অব্যাহত থাকছে।
