হবিগঞ্জ প্রতিনিধি:
এনসিপির গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ (মামলার ১ নম্বর আসামি), বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ (২ নম্বর আসামি)সহ ১১ জন ছাত্রদল নেতা জামিন পেয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জুডিসিয়াল আদালতের বিচারক আবদুল মন্নান শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।
গত ২৮ জুলাই হবিগঞ্জ শহরে এনসিপির সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় ২৯ জুলাই রাতে ১১১ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়।
জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আসিফুল ইসলাম, মুজাক্কির হোসেন, এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান, শেখ সাব্বির, নাজমূল হোসেন ও রক্সি ইসলাম।
জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ
অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার প্রমাণ দেখাতে পারলে তারা আইনি পরিণতি মেনে নেবেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল জানান, ঘটনার সময় ও বিবরণে অসঙ্গতি থাকায় আদালত সার্বিক বিষয় বিবেচনা করে ১১ আসামির জামিন মঞ্জুর করেছেন।
